আম্ফানের প্রভাবে দেশে ৪ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ভোলায় দুইজন ও পটুয়াখালীতে দুইজন রয়েছেন।

জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) বাড়ির পাশে গাছের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। নিহত সিদ্দিক উপজেলার ফকির মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।

এর আগে সকালে চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করা মোহাম্মদ রাফিকুল ইসলাম (৩৫) ফিরছিলেন। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘট থেকে ট্রলারে করে ভোলার ইলিশা ঘাটে আসার পথে মেঘনায় ট্রলার উল্টে নিহত হন তিনি। লকডাউন অমান্য করার কারণে পরিবারের লোকজন তার মৃত্যুর ঘটনা শুরুতে গোপন রাখেন।

বুরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নিহতের লাশ বিকালে তার বাড়ি হাসান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আনার পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

এছাড়াও পটুয়াখালীতে প্রচারণা কাজ চালাতে গিয়ে পানিতে ডুবে সিপিপির টিম লিডার শাহ আলমের মৃত্যু হয়েছে এবং জেলায় গাছের চাপায় এক শিশু নিহত হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর