চট্টগ্রামের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন লাখো ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ের মণিকোঠা ও চট্টগ্রাম বায়তুশ শরফের পীর সাহেব বাহারুল উলুম হযরত মাওলানা কুতুব উদ্দিন (ম.জি.আ.) হুজুর ইন্তেকাল করেছেন।
আজ বুধবার (২০ মে) বিকাল ৫টায় আছরের নামাজের পূর্বে উনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত অসুখ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি আজ রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বৎসর।
তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর সুফি মিয়া পাড়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের সুযোগ্য সন্তান। হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিউতে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার, (১৯ মে) মগরিবের পর ঢাকার ধানমণ্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে মাওলানা কুতুব উদ্দিনের লাশ এখনো ঢাকায় রাখা হয়েছে। রাতের মধ্যে চট্টগ্রামের দেওয়ানহাটের বাইতুশ শরফ মাদ্রাসায় আনা হবে। সেখানে জানাজার নামাজ পড়ানো হবে। তবে এখনো পর্যন্ত জানাজার নামাজের সময় নির্ধারিত হয়নি।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে বায়তুশ শরফের সাবেক পীর মরহুম হুজুর কেবলা জব্বার শাহ’র জামাতা ও বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব নুরুল ইসলাম হুজুর ইন্তেকাল করেন। বর্তমান পীর সাহেব কুতুবউদ্দিন (ম.জি.আ) ও খতীব নুরুল ইসলাম হুজুরের মুত্যতে শোক বিহবল সমগ্র চট্টলাবাসি ও বায়তুশ শরফ দরবারের মুরিদ সহ ধর্মপ্রাণ মুসলিম জনতা। পীর সাহেবের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিটি মসজিদে মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বলা বাহুল্য মরহুম পীর সাহেব কুতুবউদ্দিন (ম.জি.আ) হুজুরের তত্ত্বাবধানে বহু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ফ্রি দাতব্য চিকিৎসালয়, স্কুল, কলেজ নির্মাণ হয়েছে এবং অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে পরিচালিত হয়েছে। তিনি অত্যন্ত সহজ, সরল মনের মিষ্টি ভাষার মানুষ ছিলেন। তাঁর জীবদ্দশায় তিনি শুধু দ্বীনের ও মানবতার খেদমতে সময় কাটিয়েছেন।
কেএ/বার্তাবাজার