পঞ্চগড়ের আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় আল আমিন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার (১৯ মে) রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আল আমিনের বাড়ি ওই গ্রামে। সে ওই গ্রামের শামসুল হকের ছেলে।
ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম দুলাল জানান, ইসমাইল হোসেনের একটি গাছের ডাল আল আমিনের একটি পাট ক্ষেতের ক্ষতি করছে। আল আমিন মঙ্গলবার দুপুরে ওই গাছটির একটি ডাল কেটে ইসমাইল হোসেনকে দিয়ে দেয়। এতে ইসমাইল হোসেন ক্ষুব্ধ হয়ে আলআমিনের সাথে তর্কবিতর্ক শুরু হয়। এক পযার্য়ে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে উভয়পক্ষের মধ্যে পাঁচজন আহত হয়। গুরুতর আহত আলআমিনকে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত জয়নুল, ইসমাইল, নুর ইসলাম ও সাইরুল ইসলাম আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইজারউদ্দিন জানান, তুচ্ছ ঘটনায় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/এম.সি