ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী, এতিম ও দুস্থ ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অন্বেষা পাঠাগার নামে একটি সংগঠন প্রতিবছরের মতো এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছে। উপজেলার মাইজবাগ বাজারে প্রতিষ্ঠিত সামাজিক একটি সংগঠন অন্বেষা পাঠাগার। প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে সংগঠনটি শুরু থেকেই দাঁড়ানোর চেষ্টা করছে।
প্রতিবছর ঈদের আগে প্রতিবন্ধীদের হুইল চেয়ার, খাদ্যসামগ্রী, নগদ টাকা, সেলাই মেশিন, গরু, ছাগল, হাস-মুরগী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ঈদেও হুইল চেয়ার, খাদ্যসামগ্রী, হাস ও নগদ টাকা বিতরণ করা হয়। বিশিষ্ট প্রকৌশলী ও অন্বেষা পাঠাগারের উপদেষ্টা লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিশেষ সহযোগিতায় ২৫০ জন প্রতিবন্ধি, এতিম ও দুস্থের মাঝে বুধবার সকালে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। অন্বেষা পাঠাগারের সাধারণ সম্পাদক তাহেরুন ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান শাহীন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।
বার্তা বাজার/পি.বি