পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাচ্ছে সুপার সাইক্লোন আম্ফান। উপকূল থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। দিঘা থেকে ১২৫ কিলোমিটার দূরে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, বুধবার (২০ মে) বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়তে পারে আম্ফান।
বুধবার সকালে কিছুটা শক্তি হারিয়ে সুপার সাইক্লোন থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আম্ফান। আম্ফানের গতিবিধি পর্যবেক্ষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ কলকাতা থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে কলকাতায় শুরু হয়েছে আম্ফানের দাপট। রাজ্যের বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি ও প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছে। ঝড়ো বাতাসের কারণে কলকাতার বেশ কিছু এলাকায় গাছ উপড়ে পড়েছে।
জিনিউজ বলছে, কলকাতার রেড রোড, নিউ আলিপুর, খিদিরপুরে আম্ফানের তাণ্ডবে গাছ উপড়ে পড়েছে। ভারী বৃষ্টি হচ্ছে কলকাতার নিউটাউনে। তুমুল ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তর ২৪ পরগনা, হুগলির বিভিন্ন জায়গায়। উত্তর ২৪ পরগনার বারাসতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ায় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে আমফানের কেন্দ্রে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৭০ কিলোমিটার। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার।
বার্তাবাজার/এমকে