ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাজয়ী আরও এক চিকিৎসক ও একজন ব্যবসায়ী প্লাজমা দিয়েছেন। এ নিয়ে মোট পাঁচজন করোনাজয়ী ঢামেক হাসপাতালে প্লাজমা দিলেন। প্লাজমা দেওয়া সেই দুই ব্যক্তি হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. পারভেজ এবং ধানমন্ডির ব্যবসায়ী আহসানুল ফরিদ।
মঙ্গলবার (১৯ মে) তারা দুজন প্লাজমা দিয়েছে বলে জানিয়েছে হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান।
তিনি বলেন, নতুন ভবনের দ্বিতীয় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে করোনাজয়ী ডা. আবিদ ও ব্যবসায়ী আহসানুলের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। তাদের শরীর থেকে ৪০০ এমএল প্লাজমা সংগ্রহ করা হয়। আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলমান থাকবে। করোনাজয়ী যে কেউ এলেই পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, যারা করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন, তারা যেন এই মহতি কাজে এগিয়ে আসেন। প্লাজমা দিলে কোনো ক্ষতি হবে না। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষের দিকে করোনা রোগীর শরীরে পরীক্ষামূলক প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে।
বার্তাবাজার/এমকে