ভয়ংকর সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী

মহামারী করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের জন্য সিলেট যাওয়ার সময় নরসিংদীর রায়পুরা এলাকায় ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়িটির সামনের অংশ ভেঙে গেছে।

একটি প্রাইভেট কারের সাথে মন্ত্রীকে বহন করা পাজেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২০ মে) সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পরিকল্পনামন্ত্রীর গাড়ি চালক নেসার মিয়া জানান, ত্রাণ দেয়ার উদ্দেশ্যে তারা মন্ত্রীকে নিয়ে সিলেট যাচ্ছিলেন। প্রটোকল বহরের সামনের অংশেই মন্ত্রীর গাড়ি ছিল। তারা গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেট রওনা হন।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে পুনরায় রওনা হয়ে গেছেন। প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর