প্রাণঘাতী করোনার উপসর্গ দেখা দেয়ায় আইসোলেশনে আছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাংসদ ও রেলমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। একই সাথে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাউজানেরই উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উপজেলা চেয়ারম্যান বাবুলের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় গত মঙ্গলবার (১৯ মে) ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার মাধ্যমে।
জানা যায়, করোনা পরিস্থিতির শুরুর দিক থেকেই রাউজানে মঠে নেমে কাজ করছিলেন এমপি ফজলে করিম চৌধুরী। প্রায় ৩ কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করে ৬৫ হাজার মানুষের কাছে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়াসহ মাসিক সম্মানীর ১৫ লাখ টাকা ত্রাণ তহবিলে প্রদান করেছেন তিনি।
এ বিষয়ে এমপির জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বলেন, বাবার শারীরিক অবস্থা ভালো আছে। করোনার উপসর্গের সঙ্গে মিল থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষা সংগ্রহের ব্যাপারে প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসজে