কানাডায় আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরছেন ২২ মে!

করোনা মহামারির মধ্যে প্রায় দু’মাস ধরে কানাডায় আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চেষ্টা করছিলেন। বাংলাদেশ সরকারের নির্দেশনায় একটি স্পেশাল ফ্লাইটে তাদের ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। ভাড়া করা ওই ফ্লাইট পরিচালনার ক্লিয়ারেন্স থেকে শুরু করে টিকিটের মূল্য নিয়ে দরকষাকষি, যাত্রী রেজিস্ট্রেশন, কোভিড-১৯ টেস্টসহ প্রয়োজনীয় এবং অপরিহার্য সব শর্তপূরণপূর্বক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের একাধিক কূটনীতিক জানান, বাংলাদেশিদের বহনের জন্য কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ভাড়া করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কানাডার স্থানীয় সময় ২০শে মে দিবাগত রাত ১ টার দিকে টরেন্টো থেকে রওনা দেবে। ফ্লাইটটি দোহা হয়ে ২২শে মে বাংলাদেশ সময় ভোরে ঢাকা পৌঁছাবে।

কানাডায় নিযুক্ত এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডায় স্বাভাবিক সময়ে ভাড়া বেশি। তবে এই বিশেষ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত নেগোসিয়েশনে কিছুটা হলেও প্রস্তাবিত ভাড়া কমানোর ক্ষেত্রে কাতার এয়ারওয়েজ রাজি হয়েছে।

ওই কুটনীতিক আরও জানান, রোববার (১৭ মে) পর্যন্ত ৩৭০ জন বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন, রেজিস্ট্রেশনের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছেন জানিয়ে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশিদের বহনে ৩৫৪ সিটের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার সিরিজের একটি উড়োজাহাজ তারা প্রস্তুত করেছেন।

যারা টিকেট বিক্রি থেকে শুরু করে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত টেকনিক্যাল সব প্রস্তুতি বিমান কর্তৃপক্ষ গ্রহণ করছে। বাংলাদেশ মিশন বা কূটনীতিকরা রেজিস্ট্রেশন করা যাত্রীদের বিস্তারিত তথ্য সরবরাহ, যাত্রীর কোভিড-১৯ ফ্রি অ্যান্ড ফিট টু ফ্লাইট সার্টিফিকেট নিশ্চিত করাসহ পলিটিক্যাল সাপোর্ট দিচ্ছে। দেশে ফিরতে আগ্রহী ৩৭০ জন রেজিস্ট্রেশন করলেও চূড়ান্ত পর্বে আড়াই শ’ থেকে পৌনে ৩ শ’ যাত্রী হবে বলে ধারণা দিয়েছে বাংলাদেশ মিশন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে দুনিয়ার নিয়মিত ফ্লাইট যোগাযোগ বন্ধের প্রেক্ষিতে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা আটকা পড়ে আছেন। অনেকের ফেরা জরুরি হলেও তারা ফিরতে পারছেন না। কানাডায় আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী রয়েছেন যাদের ক্লাস বন্ধ হয়ে গেছে। তারা বিশেষ ওই পরিস্থিতিতে পরিবারের কাছে ফিরতে চান। তবে কারও কারও অর্থসংকটও আছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর