রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন। করোনা মুক্ত হয়ে কাজে ফিরেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িক ইস্তফা দেন মিখাইল মিশুস্তিন। তখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী।
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক নির্বাহী আদেশ জারি করে মিখাইল শিশুস্তিনকে কাজে ফেরার অনুমতি দিয়েছেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনলাইনে সরকারের বিভিন্ন বৈঠকে নিয়মিত অংশ নিয়েছিলেন মিখাইল মিশুস্তিন। করোনামুক্ত হওয়ার খবর প্রেসিডেন্ট পুতিনকে জানানোর পর নির্বাহী আদেশ জারি করা হয়।
তবে রুশ এই প্রধানমন্ত্রীর করোনামুক্ত হওয়া অথবা তার বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ক্রেমলিন।
দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন। এছাড়া করোনায় মারা গেছেন ২ হাজার ৮৩৭ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস