করোনা পজিটিভ হওয়ায় যুবককে গ্রামে ঢুকতে দেয়নি এলাকাবাসী

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫০০ ছাড়াল। আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় মানুষের মনে বাড়ছে আতঙ্ক। যার ফলে করোনাভাইরাস পজিটিভ হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক যুবককে গ্রামে ঢুকতে দেয়নি এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে করোনা আক্রান্ত সেই যুবককে উপজেলার আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার করোনা শনাক্তের পর ওই রোগী গ্রামে প্রবেশ করতে চাইতে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে তাকে বাধা দেয়। পরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মাজেদ স্বাস্থ্য বিভাগের একটি টিম সঙ্গে নিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তারপর তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশ সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রথমবারের মতো মঙ্গলবার তাড়াশে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের মধ্যে চৌড়া গ্রামের ২৬ বছর বয়সী এক যুবক গ্রামে আসলে কতিপয় গ্রামবাসী তাকে গ্রামে প্রবেশে বাধা দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে।’

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বলেন, ‘গ্রামে প্রবেশ করতে না দেওয়া রোগীকে আমরা হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর