ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বাকিয়ার শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। এছাড়াও সংঘর্ষে গুরুত্ব আহত বাকিয়ারের ভাই আতিয়ার শেখকে চিকিৎসার জন্য কাশিয়ানি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা ওই গ্রামের আলেক শেখের ছেলে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

এলাকা সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত এক ব্যক্তি মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ নিয়ে মোশারফ মাস্টারের সমর্থকদের সাথে ইউপি সদস্য ইলিয়াস মেম্বারের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে মোশারফ মাষ্টারের সমর্থক মো. বাকিয়ার শেখ নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে বাকিয়ারের মৃত্যু হয়। সংঘর্ষের সময় ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বোয়ালমারী থানা পুলিশ, ডহরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে।

মধুখালি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের বেশকিছু বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর