৩শ’ হতদরিদ্র পরিবারকে সাভার পৌর মেয়রের আর্থিক সহায়তা প্রদান

সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি ব্যক্তিগতভাবে পৌরসভার ৪নং ওয়ার্ডের তিনশো’ হতদরিদ্র ও কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। মঙ্গলবার (১৯ মে) বিকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সরেজমিন দেখা যায়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে ৪নং ওয়ার্ডের ৩০০ হতদরিদ্র মানুষ সুন্দরভাবে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে আর্থিক সহায়তা গ্রহনের জন্য অপেক্ষা করছে। পরে তারা সুশৃঙ্খল ভাবে সাভার পৌর মেয়রের প্রদানকৃত অর্থ গ্রহন করে।

ছবি : বার্তা বাজার

এসময় পৌর মেয়রের সাথে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় উপস্থিত গণমাধ্যমের সামনে মঞ্জুরুল আলম রাজীব বলেন, করোনা ভাইরাসে আজ সংক্রমিত সারা পৃথিবী। এটা একটা বৈশ্বিক সমস্যা যা আমাদের দেশেও সৃষ্টি হয়েছে। এই সমস্যা উত্তরণে আমরা সাভার উপজেলা আওয়ামী লীগ, সাভার পৌর আওয়ামী লীগ, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনপ্রতিনিধিগণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাভারের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তা অব্যাহত রেখেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের সাভার পৌরসভার মেয়র সাভারের ৪নং ওয়ার্ডের কর্মহীন মানুষদের নগদ অর্থ প্রদান করছেন। এর ধারাবাহিকতায় তিনি সাভার পৌরসভার সকল ওয়ার্ডের কর্মহীন মানুষদের এই নগদ অর্থ সহায়তা প্রদান করবেন। এজন্য আমি তাকে সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও জানান, আমি আপনাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলারও পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আপনাদের সকল ভাইবোনদের একথাও জানাচ্ছি, যতদিন এদেশে এই করোনা মহামারি থাকবে ততদিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো ইনশা আল্লাহ।

আর্থিক সহায়তা প্রদানকালে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি জানান, বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমার পৌরসভার সকল ওয়ার্ডের কর্মহীন মানুষদের জন্য আমি নিজ তহবিল থেকে ৪০০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২০ লক্ষ টাকা ঈদ উপহার প্রদান করবো। তার‌ই ধারাবাহিকতায় আজ প্রথম ধাপে পৌরসভার ৪নং ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী পৌরসভার একজন হতদরিদ্র মানুষও যেন না খেয়ে থাকে সে বিষয়টি আমি দেখবো ইনশা আল্লাহ।

তাঁর এই আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম, যতদিন করোনা মহামারি থাকবে ততদিন চলমান থাকবে বলেও জানান সাভার পৌর মেয়র।

এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়রপুত্র ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এবং পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর