সাতক্ষীরায় প্রভাব খাটাতে শুরু করেছে ‘আম্ফান’

দক্ষিণের জেলা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব পড়তে শুরু হয়েছে। দুপুর আড়াইটার দিকে ওই অঞ্চলে ঝড়ো হাওয়া শুরু হয়। ধীরে ধীরে এই হাওয়ার গতিবেগও বৃদ্ধি পাচ্ছে।

এদিকে জেলায় সম্ভাব্য সকল ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাজ চলছে উপকূলবাসীদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার। স্থানীয় স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ায় সহায়তা করছে।

এছাড়া মাইকিং করে প্রচারণা চালিয়ে বলা হচ্ছে মঙ্গলবার (১৯ মে) রাতেই ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানতে পারে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারি জানান, শ্যামনগর উপকূলে ১৪৪টি সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে। নিরাপদ এসব সেন্টারে এক লাখ ২০ হাজার মানুষকে নিয়ে আসার কাজ চলছে। সাইক্লোন সেল্টারে উপকূলের মানুষদের নিয়ে আসার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

করোনাকালে আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খোলা হয়েছে দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ।

জেলা প্রশাসনের মাধ্যমে জানা গেছে, নির্বাহী ম্যজিট্রেটের নেতৃত্বে শ্যামনগরের দ্বীপ এলাকা পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের নারী শিশু ও বৃদ্ধদের নৌকাযোগে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার কাজ চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর