চাঁদপুরে করোনা উপসর্গে কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুর সদরে মাত্র কয়েক ঘন্টার মাঝেই জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের চিত্রলেখা এলাকার বাড়িতে মারা যান রাবেয়া বেগম (৭২) নামের এক নারী। তার ঠিক ৯ ঘন্টা পরে একই উপসর্গে মারা গেছেন রাবেয়া বেগমের স্বামী মুজিবুর রহমান পাটোয়ারী (৭৭)।

জানা যায়, গত রোববার (১৭ মে) করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। এখনও রিপোর্ট না আসায় জানা সম্ভব হয়নি তারা আসলেই করোনা আক্রান্ত কিনা।

তাই চাঁদপুর শহরতলির আশিকাটি গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাবেয়া বেগমকে সোমবার রাতে আর মুজিবুর রহমান পাটোয়ারীকে মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, মারা যাওয়া দুইজনের ছেলে এবং নাতির শরীরে ইতোমধ্যে করোনা শনাক্ত হয়েছে। যেহেতু তাদের পরিবারের দুইজন করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদেরও কিছু উপসর্গ ছিল তাই রোববার স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের রিপোর্ট এখনও আসেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর