পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ফেরত ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে । তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসআইএম রাজিউল করিম রাজু জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বৃদ্ধের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধান পাড়ায়। তিনি কিডনী রোগী ছিলেন। সম্প্রতি তার স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থান মারা গেলে পরিবারের অন্যান্যদের সদস্যদের নিয়ে ১৫ মে নিজ গ্রামের বাড়িতে ফেরেন। পরে ওই দিনই তার পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৭ মে ওই বৃদ্ধের করোনার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় এবং বাকীদের নেগেটিভ এসেছে। করোনা শনাক্ত হওয়ার পর রংপুর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সংকটাপন্ন ছিলেন।
বার্তা বাজার/পি.বি