চট্টগ্রামে একদিনেই তিন সাংবাদিক করোনায় আক্রান্ত

চট্টগ্রামে একদিনেই তিন সাংবাদিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট ৬ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সোমবার তিনজনের শনাক্ত হয়।

করোনায় আক্রান্ত সাংবাদিকরা হলেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার জোবায়ের মঞ্জুর, একই চ্যানেলের ক্যামেরাপার্সন ও ভিডিও গ্রাফার মো. হারুন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সনও ভিডিও গ্রাফার মো. আলমগীর।

এখন পর্যন্ত ৬ সাংবাদিকসহ সাংবাদিক পরিবারের এক সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বপ্রথম গত ১২ মে চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) চট্টগ্রাম প্রতিনিধি ও পাঠক নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল ‘সিভয়েস২৪.কমের’ স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক মিনহাজ মুহীর করোনা শনাক্ত হয়। বর্তমানে মিনহাজ বোয়ালখালীর শাকপুরার নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলশনে আছে।

একদিন পর শনিবার (১৬ মে) বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসান রিটনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গতকাল বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীর স্ত্রী শাহনুর সুলতানা লুনার করোনাভাইরাস শনাক্ত হয়। সর্বশেষ আজ সোমবার একদিনেই শনাক্ত হয়েছে তিনজন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, ‘এভাবে হঠাৎ একের পর এক সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ায় আমরা শঙ্কিত। তবুও করোনা যুদ্ধের সামনের সাঁরির যোদ্ধা হিসেবে সাংবাদিকদের ঘরে বসে থাকার সুযোগ নেই।

আমাদের সহকর্মীদের বলে দিয়েছি, তারা যাতে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নিয়েই তিনফুট দূরত্ব মেনে দায়িত্ব পালন করেন। মিডিয়া হাউসগুলোর প্রতি অনুরোধ, তারা যেন সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করে’।

তিনি জানান, আগামীকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ কর্মীদের নমুনা সংগ্রহ করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর