ব্রাহ্মণবাড়িয়ায় টিউবওয়েলের পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

পুরো দেশ যখন করোনায় আক্রান্ত, ঠীক তখন একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে ব্রাহ্মণবাড়িয়ায়। এবার জেলাটির নাসিরনগর উপজেলায় টিউবওয়েলের পানিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত আহত হয় ২০ জন।

গতকাল রোববার সন্ধ্যায় লকডাউন উপক্ষো করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চাপড়তলা ইউনিয়নের চাপড়তলা গ্রামের আবুল বাশারের টিউবওয়েলের পানি ড্রেইন দিয়ে একটি পরিত্যক্ত পুকুরে প্রবাহিত হতো।

এ নিয়ে প্রায়ই একই এলাকার মোহাম্মদ আলীর সঙ্গে আবুল বাশারের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সন্ধ্যার পর মোহাম্মদ আলী টিউবওয়েলের পানির প্রবাহ বন্ধ করতে আবুল বাশারকে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আবুল বাশার। পরে এ নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

সংঘর্ষে উভয়পক্ষের নারী ও শিশুসহ ২০ জন আহত হন। আহতরা হলেন আবুল বাশার, হাফিজুর রহমান, ফয়েজ উদ্দিন, সাজু মিয়া, শওকত আলী, জাহেদা বেগম, হেলেনা বেগম, শিরিন আক্তার, মার্জিয়া আক্তার, নুমান মিয়া, বাইজিদ মিয়া, লুৎফুর রহমান, মাহবুবুর রহমান, আমানউল্লাহ প্রমুখ। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

সংর্ঘষে হামলার শিকার গাজিউর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় একধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। আমরা এলাকার লোকজন চরম আতঙ্কের মধ্যে আছি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে সংর্ঘষের পর এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর