করোনা যুদ্ধে বিজয়ী হতে নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! ইতোমধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে ১২টি ‘রোস্টার’ (সেক্টর) করার কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে জানা যায়, নতুন পরিকল্পনা মাফিক এই কার্যক্রম সোমবার (১৮ মে) উপজেলার পাথালিয়া ইউনিয়ন এর গেরুয়া সিসিতে শুরু করা হয়েছে। আজ (সোমবার) ১৪ জনের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

আরও জানা যায়, ইতোমধ্যে সাভারে ১২টি ইউনিয়নে ‘রোস্টার’ করা হয়েছে। এই ১২টি ‘রোস্টার’ অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে নমুনা সংগ্রহ করা হবে। আর একাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে সহযোগিতা করবে স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এমটিইপিআই, এমটি ল্যাব, সেনেটারি ইন্সপেক্টর সহ স্বেচ্ছাসেবকগন।

এছাড়াও, সুরক্ষা বুথ উপহার দিবেন সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি ও সদস্য সচিব মহোদয়ের অনুরোধক্রমে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও প্রতিটি ইউপি চেয়ারম্যানগন। আর সার্বিক সহযোগিতা করবেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মোট এগারোটি সেক্টরের মাধ্যমে সম্ভব হয়েছিলো। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাও করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
আর এই যুদ্ধে আমরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার ১২টি ইউনিয়নকে এক একটি সেক্টর (রোস্টার) হিসেবে ভাগ করে করোনার বিরুদ্ধে যুদ্ধে মাঠে নেমেছি। এক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়ে আমরা সকলে এই উপজেলার প্রতিটি ইউনিয়নে যাতে করোনা ‘নেগেটিভ’ এর সংখ্যা একশো ভাগ এসে দাঁড়ায় সে লক্ষ্য নিয়েই কাজ করছি। ইনশা আল্লাহ, এ যুদ্ধেও আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয়ী হবো।
এসময় তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমগ্র সাভারবাসীকে সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজন ছাড়া নিজ নিজ ঘর ও বাসা থেকে বের না হবারও আহ্বান জানান।
কেএ/বার্তাবাজার