কওমি মাদরাসায় ৮ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন দেশের আরো ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসায়।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

ইহসানুল করিম বলেন, এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে ১৭ মে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঢাকা বিভাগের ২ হাজার ২০২টি মাদরাসার জন্য ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ২১১টি মাদরাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদরাসার জন্য ১ কোটি ৩১ লাখ টাকা দেয়া হযেছে।

পাশাপাশি, রংপুর বিভাগের ৮৩৯টি মাদরাসার জন্য ৯৪ কোটি ২৫ লাখ, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদরাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদরাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদরাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদরাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়।

প্রেস সচিব বলেন, মাদরাসার ছাত্রসংখ্যা একশ’ বা এর কম হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীর সংখ্যা ১০১ থেকে ২০০ এরমধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’কোটি টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করার সময় পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের সব মসজিদ এবং আরো প্রায় ৭ হাজার মাদরাসায় আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর