গত কয়েকদিনে করোনা ভাইরাস পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে ব্রাজিলে। একইসাথে, প্রশ্ন উঠছে দেশটির প্রেসিডেন্টের আচরণ নিয়ে। করোনা সংক্রমণে ইতালিকেও পেছনে ফেলে দিয়েছে ব্রাজিল।
সোমবার (১৮ মে) পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার। যেখানে ইতালিতে মোট আক্রান্ত ২ লাখ ২৫ হাজার।
বিশেষজ্ঞদের অভিযোগ, সংক্রমণ এভাবে ছড়িয়ে পড়লেও এখনও কার্যত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
রবিবারও প্রেসিডেন্টের প্যালেসের সামনে কিছু আন্দোলনকারী জমা হয়েছিলেন। এক সময় প্রেসিডেন্ট তাদের কাছে গিয়ে কথা বলেন। এমনকী সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সেলফিও তোলেন।
এবিষয়ে তার বক্তব্য, আন্দোলনকারীদের দাবির সঙ্গে তিনি একমত। সেজন্যই তাদের কাছে গিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, গণতন্ত্র আগে রক্ষা করতে হবে তারপর অন্য সব কিছু।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসকে প্রাথমিকভাবে পাত্তা দেওয়া হয়নি বলেই ব্রাজিলের এই দূরাবস্থা। রবিবারেও হাজারের ওপর মানুষ আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। মৃত্যু হয়েছে পাঁচশ’ জনেরও বেশি লোকের। এই পরিস্থিতিতে স্বয়ং প্রেসিডেন্ট যদি সামাজিক দূরত্ব না মানেন, তাহলে সমস্যা আরও বাড়বে বলেই মনে করেন তারা।
বার্তাবাজার/কে.জে.পি