কুষ্টিয়ায় আবারও পায়খানার মল ছিটিয়ে মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই

কুষ্টিয়ার দৌলতপুরে অভিনব কায়দায় আবারো এক মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা ভাতার ১২ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে একটি চক্র। সোমবার (১৮ মে) দুপুরের দিকে সোনালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে মুক্তিযোদ্ধা ভাতার ১২ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের বাইরে বের হলে প্রতারক চক্রটি সেই মুক্তিযোদ্ধার শরীরে পায়খানার মল ছিটিয়ে এ টাকা ছিনিয়ে নেয়।

টাকা ছিনতাই হওয়া মুক্তিযোদ্ধা ওয়াজ আলীর বাড়ি উপজেলার পিয়াপুর ইউনিয়নের আমদহ গ্রামে। জানা যায়, স্থানীয় একটি ছিনতাইকারী চক্র কৌশলে মুক্তিযোদ্ধা ওয়াজ আলীর গায়ে পায়খানার মল ছিটিয়ে তা পরিস্কার করার জন্য বলে।

ওয়াজ আলীকে ময়লা বা নোংরা পরিস্কার করার জন্য উপজেলা পরিষদ চত্বরের মসজিদে নিয়ে যায় ওই ছিনতাইকারী চক্রের এক সদস্য। সেখানে টাকা ভর্তি ব্যাগটি ছিনতাইকারী চক্রের ওই সদস্য হাতে নিয়ে মুক্তিযোদ্ধা ওয়াজ আলীকে মসজিদের ট্যাপে গিয়ে পোষাকে লেগে থাকা নোংরা পরিস্কার করতে বলে।

এ সময় ওয়াজ আলী ছিনতাইকারী চক্রের ওই সদস্যের মিষ্টি কথায় কিছু না বুঝেই টাকা ভর্তি ব্যাগটি তার হাতে দিয়ে মসজিদের ট্যাপের পানি দিয়ে পোষাকে লাগানো নোংরা পরিস্কার করতে গেলে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রের ওই সদস্য।

নোংরা পরিস্কার করে এসে মুক্তিযোদ্ধা ওয়াজ আলী টাকাসহ ওই ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। ওয়াজ আলীর কান্না শুনে স্থানীয়রা ছুটে গেলে কান্নাজড়িত কণ্ঠে টাকা ছিনতাইয়ের ঘটনাটি তাদের জানায়।

ন্যাক্কারজনক এ ঘটনার বিষয়টি দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারকে জানানো হলে তিনি বলেন, আমি দৌলতপুর থানার ওসিকে অবহিত করেছি বিষয়টি দেখার জন্য।

উল্লখ্য, গত ৩ মে সিরাজনগর এলাকার আরেক মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মুক্তিযোদ্ধা ভাতার ৩০ হাজার টাকা ছিনতাই করে নেয় ওই চক্র।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর