অসহায় ১২০ পরিবার মাঝে রুই মাছ ও চাল বিতরণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অসহায় পরিবারগুলোতে চলছে সংকট। ভাতের যোগান দেওয়া যেখানে পরিবার গুলোর কষ্টকর ব্যপার সেখানে সন্তানদের ভালো একটা মাছ খাওয়ানো স্বপ্নের মতো।

তাইতো চালের পাশাপাশি বড় আকারের একটি করে রুই মাছ দেওয়া হয়েছে অসহায় পরিবারগুলোকে। সোমবার ব্যতিক্রমী এ সহায়তা বিতরণ করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক স্ক্যাচম্যাপ এলাকার অসহায়দের তালিকা করা হয়। সেই তালিকার অসহায়দের মাঝে সরকারি ভাবে চালের পাশাপাশি বড় আকারের একটি করে রুই মাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার জিআর ফান্ড (নগদ অর্থ) থেকে মাছের যোগান ও চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসা মাঠে চাল ও মাছ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সোমবার দুপুরে অসহায় পরিবার গুলোর হাতে ১০ কেজি করে চালের সাথে একটি করে বড় আকারের রুই মাছ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

বালিসিতা গ্রামের কুলসুম বেগম চালের সাথে বড় আকারের একটি রুই মাছ পেয়ে খুশি মনে বাড়ি ফেরেন। কুলসুম বেগম বলেন, ‘মেলা দিন অতো বড় মাছ আমার ঘরে আহে নাই। কিন্তু সরকার আমারে চালও দিল, অতো বড় একটা মাছও দিল।’ ভাইদগাঁও গ্রামের নূর হোসেন বলেন, ‘আমাদের অভাবের সংসার। শাক-শুটকি খেয়ে জীবন চলে। কিন্তু চাউলের লগে এইবার একটা মাছও দিছে আমরারে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আমিষের চাহিদা পূরণের জন্য অসহায় পরিবার গুলোকে চালের সাথে একটি করে রুই মাছ দেওয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর