হিজড়া সম্প্রদায়ের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রামে করোনা সংকটে ভুক্তভোগী হিজড়া সম্প্রদায়ের সহায়তার উদ্দেশ্যে তাঁদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) দুপুর একটায় সিএমপি’র দক্ষিণ বিভাগের উদ্যোগে নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে হিজড়া সম্প্রদায়ের ২৫০ সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

সিএমপি সূত্রে জানা যায়, দেশে করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে সকল শ্রেণীর মানুষ রয়েছে নানান অভাব ও আর্থিক সংকটে। যেখানে হিজড়া সম্প্রদায়ের মানুষরাও অন্তর্ভুক্ত রয়েছেন। তাই তাদের সাহায্যার্থে ২৫০ জনের জন্য ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ।

সোমবার (১৮ মে) দুপুর একটায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপির দক্ষিণ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্প্রদায়ের ২৫০ জন হিজড়া মানুষের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার।

নব জাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ফাল্গুনী হিজড়ার মাধ্যমে এসময় ২০ জনের হাতে ত্রাণ সহায়তা তুলে দেয়া হয় এবং অবশিষ্টদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শাহ মোঃ আব্দুর রউফ ও অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, জনাব মোহাম্মদ মহসিন পিপিএম উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর