করোনার প্রাদুর্ভাবে আর্থিক সংকটে থাকা হত দরিদ্র ও অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে মিডাস সেফটি ইনকর্পোরেশন বাংলাদেশ।
সোমবার (১৮ মে) দুপুর একটার দিকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মিডাস সেইফটি ইনকর্পোরেশন বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিকট ৩০০ অস্বচ্ছল পরিবারের জন্য ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিএমপি’র প্রকাশিত তথ্য হতে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আর্থিক সংকটে থাকা সমাজের হত দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ত্রান সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুর একটায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মিডাস সেফটি ইনকর্পোরেশন বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম) এর নিকট আর্থিকভাবে অস্বচ্ছল ৩০০ পরিবারের জন্য ত্রান সহায়তা হস্তান্তর করা হয়। উক্ত ত্রাণ অস্বচ্ছল পরিবারদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
একই দিন বিএসআরএম গ্রুপের পক্ষ হতে করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্বশীল পুলিশ সদস্যদের জন্য ২০০ পিস পিপিই স্যুট প্রদান করা হয়।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মিডাস সেইফটি ইনকর্পোরেশন বাংলাদেশের জিএম জনাব মইনুল হোসেন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান জনাব অতনু গুপ্ত, বিএসআরএম গ্রুপের হেড অব এডমিনিস্ট্রেশন জনাব এ কে এম সাইফুদ্দিন খান সহ মিডাস সেইফটি ইনকর্পোরেশন বাংলাদেশ ও বিএসআরএম গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার