ইতোমধ্যে প্রায় উনিশ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন বলে জানান ঢাকার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সোমবার (১৮ মে) বিকালে সাভার উপজেলা চত্বরে নিজের সরকারি বাসভবনের সামনে ইফতার সামগ্রী প্রদানকালে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান তিনি।
করোনা সংক্রমনের কারণে অসহায় ও কর্মহীন হতদরিদ্র মানুষকে প্রতিদিন একবেলা উন্নতমানের খাবার বিতরণ করে আসছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানের ২৪-তম দিনেও সাতশো হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন তিনি।
এসময় গণমাধ্যমকে মঞ্জুরুল আলম রাজীব জানান, সারা বিশ্ব করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত। বাংলাদেশও এই সংক্রমণের প্রভাব থেকে রেহাই পায়নি। এদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ বিতরণের পাশাপাশি আমরা সাভার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আমাদের সামর্থ্য অনুযায়ী আনুমানিক ১৮ থেকে ১৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি।
এসব খাদ্য সামগ্রীর ভিতরে রয়েছে চাল, ডাল, পিঁয়াজ, তেল, লবণ, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। রমজান আসার পর আমরা চিন্তা করলাম, লকডাউনের কারণে অনেক সামর্থ্যবান মানুষরাও ইফতার ক্রয় করতে পারছে না; কারণ প্রতিবছর যেভাবে ইফতার এর দোকানগুলো পসরা সাজিয়ে বসে, লকডাউনের কারণে এবার সেটা সম্ভব হয়নি।
এজন্য কর্মবিহীন মানুষের পাশাপাশি যেকোনো শ্রেণির রোজাদারদের জন্য এই ইফতার সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করি আমরা। এটা উন্মুক্ত এবং যে কেউ এখানে এসে উন্নত মানের এই খাবার গ্রহন করে তাদের অন্তত একবেলা খাবারের প্রয়োজন মিটাতে পারছেন।
তিনি আরও জানান, সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নেও আমরা এই ইফতার সামগ্রী বিতরণ প্রক্রিয়া বিস্তৃত করেছি। সেখানেও কর্মহীন হতদরিদ্র শ্রেণির পাশাপাশি সব শ্রেণির মানুষ ওই খাদ্য সংগ্রহ করতে পারছেন।
এছাড়াও সাভারে আমাদের একটা ‘কন্ট্রোল রুম’ রয়েছে, যারা প্রকাশ্যে এসে লজ্জায় হোক কিংবা তাদের সামাজিক অবস্থানের কারণে কিংবা অন্য কোনো কারণেই হোক খাদ্য দ্রব্য চাইতে পারছেন না, তারা সেখানে দেয়া ‘হটলাইন’ নাম্বারে কল করে গোপনে তাদের পরিচয় প্রকাশ না করেই আমাদের থেকে খাদ্য সহায়তা লাভ করতে পারছেন।
তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে আমরা হতদরিদ্র, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য ‘ঈদ উপহার’ পৌঁছে দেবার পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশা আল্লাহ দু’একদিনের ভিতরেই এ কার্যক্রম আমরা শুরু করবো। আর যতদিন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

ইফতার সামগ্রী বিতরণ কালে মঞ্জুরুল আলম রাজীবের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
কেএ/বার্তাবাজার