দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর রহমান (৩৩) নামে ১ অটো ভ্যান (ব্যাটারী চালিত ভ্যান) চালক নিহত হয়েছে।
আজ (সোমবার) দুপুরে ফুলবাড়ী উপজেলার মহেশপুর পাকড়ডাঙ্গা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটো ভ্যানচালক ইয়ানুর রহমান ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের দক্ষিণ সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান জানান, দুপুরে চিন্তামন থেকে ছেড়ে আসা একটি পিকআপ ফুলবাড়ীর দিকে যাবার পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোভ্যান গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক ইয়ানুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, পিকআপটি থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পিকআপচালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/টি.সি