দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪ জন পুলিশের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬১। এ সংখ্যা ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের সোমবার (১৮ মে) সকাল পর্যন্ত।
রোববার (১৭ মে) ১৭৫ পুলিশ সদস্য আক্রান্তের খবর দিয়ে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত ২৫৫৭ জন ছিল বলে জানিয়েছিল পুলিশ।
পুলিশের করোনা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০৯৭ সদস্য রয়েছেন।যা গতকাল ছিল ১০৯৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি সূত্রে জানা যায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা যায়, ৪১০ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৯ জন।
পুলিশ সদর দফতর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
বার্তাবাজার/এমকে