করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে এক করোনা রোগী পালানোর পর তাকে খুঁজে বের করে আনলো পুলিশ।
সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই রোগী জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের একজন পরিচালকের গাড়ি চালক। ৪ মে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেন। ১২ মে তার করোনা শনাক্ত হয়। এরপর তিনি ফমেকের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, সকাল ৯টার কিছুক্ষণ আগে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগী হেটে হেটে গেটের বাইরে চলে যান। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসক তাকে অবগত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি ফরিদপুর ও নগরকান্দা থানা পুলিশকে জানান।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, রোগী পালানোর সংবাদে সম্ভাব্য সব জায়গায় বার্তা পাঠানো হয়। একপর্যায়ে খবর পাওয়া যায় ফরিদপুর-বরিশাল রোডের গজারিয়ার মোড়ের পালারো ওই রোগীকে দেখা গেছে। এরপর স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সযোগে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বার্তা বাজার/টি.সি