সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ৫০ কেজি (৬১ বস্তা) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নান্দিনা কামালিয়া এলাকা থেকে এ চাল উদ্ধার করা হয়।
ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ভদ্রঘাট এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিল। এ সময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে সরকারি চালের বস্তা দেখে চালবোঝাই ভ্যানগুলো আটকে রেখে পুলিশ ও ইউএনওকে মুঠোফোনে ফোন দেন স্থানীয়রা। রাত ২টার দিকে প্রশাসন এসে চালগুলো জব্দ করে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো কোথা থেকে এলো, আর যাচ্ছিল কোথায় সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এমকে