ভারতে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে আরও ১৫৭ জনের।
দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৬ হাজার ৮২৪ জন।
এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৩ এবং মারা গেছে ১ হাজার ১৯৮ জন। করোনায় আক্রান্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৯ এবং মারা গেছে ৬৫৯ জন।
এরপরেই রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২২৪ জন এবং রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ এবং মারা গেছে ১৬০ জন। রাজস্থানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২০২ জন এবং মারা গেছে ১৩১ জন, মধ্যপ্রদেশে আক্রান্ত ৪ হাজার ৯৭৭ এবং মৃত্যু হয়েছে ২৪৮ জনের।
বার্তাবাজার/এমকে