প্রাণঘাতী করোনা যুদ্ধে জীবন দিলেন পুলিশের ৯ম সদস্য। তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান।
সোমবার (১৮ মে) রাজারবাগের কেন্দ্রীয় পুলিশলাইন্স হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ৯ পুলিশ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
পরে অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি আজ সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন।
তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
বার্তাবাজার/এমকে