চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে : ড্যাব

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

তারা জানিয়েছেন, কোভিড ডেডিকেটেড হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল মিরপুর শাখায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে। সরকার নির্ধারিত বিধি মোতাবেক ন্যূনতম সুযোগ-সুবিধা (আবাসন ও খাবার) নিশ্চিত না করে ক্লিনিক ম্যানেজার অসৌজন্যমূলক আচরণ করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এমন অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

তারা আরও বলেন, বিশ্ব মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সম্মুখ যোদ্ধাদের উৎসাহিত করা খুবই জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতার পাশাপাশি হতাশাজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। বিশেষ করে অস্থায়ীভিত্তিতে সরকার অনুমোদিত বেসরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালে সমন্বয়হীনতা প্রকট।

ড্যাব জানায়, পত্রিকার খবরের পরিপ্রেক্ষিতে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাখ্যা প্রদান করেছে কিন্তু তাতে তারা নিজেদের দোষ স্বীকার করার পরিবর্তে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেয়ার অপচেষ্টা করেছে এবং অনেক বিষয়ে নীরব থেকেছে যা কাম্য নয়।

অনতিবিলম্বে রিজেন্ট হাসপাতালের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ড্যাব সভাপতি ও মহাসচিব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর