করোনাকে ‘ভুয়া ভাইরাস’ বলে বিক্ষোভ

করোনা ভাইরাসকে ফেইক বা ভুয়া ভাইরাস আখ্যা দিয়ে লকডাউন তুলে নেয়া দাবিতে লন্ডনের হাইডপার্কে বিক্ষোভ করেছেন একদল প্রতিবাদকারী। স্থানীয় সময় শনিবার লন্ডনের হাইডপার্কে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বেশ কিছু মানুষ। খবর বিবিসির।

এসময় লকডাউন আইন ভাঙ্গার অভিযোগে পুলিশ বেশ কজনকে গ্রেপ্তার করেছে। একই সাথে করা হয়েছে জরিমানাও। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক লেবার লিডার জেরেমি করবিনের ভাইও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছে, করোনা ভাইরাস নয় লকডাউনের মূল উদ্দেশ্য হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে রাখা এবং এটা নতুন কোনও অস্বাভাবিক ঘটনা নয়।
লকডাউনের বিরুদ্ধে শনিবার লন্ডনের বাইরে ইংল্যান্ডের আরো কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। গ্লাসগো, বেলফাস্ট, নটিংহ্যাম এবং সাউথাম্পটনে বিক্ষোভ হয়। চলতি মাসের প্রথম দিকে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে লকডাউনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৩শে মার্চ থেকে বৃটেনে করোনার জেরে লকডাউন চলছে। সরকার ইতোমধ্যে দফায় দফায় লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিলেও থামছে না করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর