প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৬ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তারা সুস্থ হয়ে আজ রোববার (১৭ মে) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ৪৬ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
আইজিপির নির্দেশনা অনুযায়ী, করোনাক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য বিশেষ টিমও গঠন করা হয়েছে ।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
কোভিড-১৯ মুক্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্তা বাজার / ডাব্লিও.এস