ফরিদপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীসহ আরও তিনজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যf বেড়ে ৫৩ জন হলো।
রবিবার বিকালে সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, নতুন করে যে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের দু’জন বোয়ালমারী উপজেলার। এরা স্বামী ও স্ত্রী এবং অপরজন আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। বোয়ালমারীতে আক্রান্ত স্বামী (৮০) এবং স্ত্রী (৭০) উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তারা চিকিৎসা নিতে ঢাকায় ছেলের বাসায় গিয়েছিলেন। গত শনিবার তারা গ্রামে ফিরে আসেন।
অপরদিকে, আলফাডাঙ্গায় আক্রান্ত ব্যাক্তি (২৮) উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের বাসিন্দা। তিনি ঢাকার গুলশানে থাকেন এবং শিপিং বিভাগে চাকুরি করেন। গত ১৫ মে তিনি বাড়িতে ফিরে আসেন। গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, রবিবারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরে ১৩০টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস