ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্র বানা এলাকায় কিছু অসাধু মৎস ব্যবসায়ী মধুমতি নদীতে আড়াআড়ি অবৈধ বাঁশের বাঁধ দিয়ে পানির স্রোতকে বাঁধাগ্রস্ত করে দীর্ঘদিন নদীতে মাছ শিকার করে আসছিল।ফলে সেখানে ব্যাহত হচ্ছিল নৌযান চলাচল।
খবর পেয়ে উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ রবিবার (১৭ মে) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬০০ মিটার এ বাঁশের বাঁধ অপসারণ করেন। এসময় অভিযানের সংবাদ পেয়ে বাঁধ নির্মাণকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জের সিদ্দিক সরকার, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেতুলিয়া এলাকার বাগান কাতী ও সাধন বিশ্বাস দীর্ঘদিন ধরে নদীতে এ অবৈধ বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করতেন।
উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ বার্তা বাজারকে বলেন, ‘স্থানীয় প্রভাবশালীরা প্রবাহমান মধুমতি নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে পানি ও মাছের স্বাভাবিক গতি নষ্ট করে মাছ শিকার করছিলেন। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাঁধ অপসারণ করা হয়।’
কেএ/বার্তাবাজার