বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান এর প্রভাবে বহির্নোঙরে সাগর উত্তাল রয়েছে। পায়রা, কক্সবাজার, চট্টগ্রাম স্থানীয় ৪ নম্বর হুঁশিয়ার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর মধ্যে সমুদ্র উপকূলে ফেনার এমন দৃশ্য দেখে অবাক হয়ে পরেছেন অনেকেই।
এমন ফেনা দেখা গেছে পশ্চিমবঙ্গের দিঘা সমুদ্র উপকূলে। শক্তিশালী এই ঘূর্ণিঝড় বাংলা-ওড়িশা উপকূল এলাকায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। তার আগে দিঘাতে এই ধরনের সাদা সাদা সমুদ্র-ফেনা দেখা দেওয়ায় রীতি মতো সাড়া পড়ে গিয়েছে এলাকায়।
ভারতের একটি পত্রিকায় লিখেছে, দূর থেকে দেখলে মনে হবে বরফ পড়ে আছে। ঠাণ্ডা ঝোড়ো হাওয়ার মধ্যে মনে পড়বে দার্জিলিঙের কথা। কিন্তু একটু মনোযোগ দিয়ে সামনে গিয়ে দেখলে, বোঝা যাবে ওগুলো বরফ নয়। আসলে সমুদ্রের ফেনা! ঘূর্ণিঝড়ের সঙ্গে এই ফেনার কোনও সম্পর্ক আছে কি না বা এটা কোনও অশনিসঙ্কেত কি না, তা নিয়ে নানা প্রশ্ন উপকূলবর্তী স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
তবে ভারতের সমুদ্র বিজ্ঞানী আনন্দদেব মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনা একেবারেই স্বাভাবিক। এ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।
তিনি বলেন, লকডাউনের ফলে সমুদ্র এখন অনেকটা দূষণমুক্ত। আগে দূষণের জন্য সমুদ্রের তলদেশের সেডিমেন্ট সমুদ্রের জলের তলার দিকেই থাকত। কিন্তু এখন দূষণ না থাকায় সেই সব উপাদান জলের উপরের স্তরের দিকে চলে আসছে। আর আম্ফানের প্রভাবে সমুদ্রের উপরে বাতাসের গতিবেগ এখন অনেক বেড়েছে। যার ফলে সেই বাতাসের ধাক্কায় সমুদ্রের জলে উৎপন্ন হচ্ছে ফেনা। যা আছড়ে পড়ছে উপকূলে।
বার্তাবাজার/কে.জে.পি