দিনাজপুরের ডিসির কাছে চাঁদা দাবি, আটক ১

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো.মাহমুদুল আলমের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির অভিযোগে রাজু আহমেদ বাপ্পী (৫০) নামের ১ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১৭ মে) সকালে বগুড়া জেলার শাহাজাহানপুর থানার সাবরুল গ্রাম থেকে রাজু আহমেদকে আটক করে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ।

আটক রাজু আহমেদ রংপুর জেলার সদর উপজেলার পাকপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে। আজ রবিবার (১৭ মে) দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির মো.আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় রাজু আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের করেছেন।

দিনাজপুর কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশিদ জানান, গত ১৪ মে অফিস চলাকালীন সময়ে দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম মহোদয়কে ফোন করে মুরাদ পরিচয় দিয়ে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবি করে। জেলা প্রশাসক বিষয়টি দিনাজপুর কোতয়ালি থানা পুলিশকে অবহিত করলে কোতয়ালি থানা পুলিশ আজকে বগুড়া থেকে ওই ব্যক্তিকে আটক করে।

রাজু আহমেদ বাপ্পী চলমান মহামারী করোনাভাইরাসের সুযোগ নিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছে বলেও জানান ইন্সপেক্টর বজলুর রশিদ। ওই ব্যক্তিকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর