ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস হুঁশিয়ার দিয়ে জানিয়েছেন, দায়িত্ব পালনে কোনো দুর্নীতি কিংবা অবহেলার প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।
রবিবার(১৭ মে) রাজধানীর নগরভবনে দায়িত্বগ্রহণের পর কর্মকর্তাদের সাথে প্রথম বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকে কর্মকর্তাদের হুঁশিয়ার করে ডিএসসিসি মেয়র বলেন, “দায়িত্ব পালনে কোনো দুর্নীতি কিংবা অবহেলার প্রমাণ পেলে বরদাশত করবো না। এক্ষেত্রে তিনি যত বড় কর্মকর্তাই হোন না কেন ছাড় দেয়া হবে না। দুর্নীতির প্রমাণ পেলে কাউকে বিদায় জানাতে আমি পিছুপা হবো না।”
সূত্র জানায়, বৈঠকে ডিএসসিসি’র নবনিযুক্ত মেয়র করপোরেশনের স্থাবর সম্পত্তি, রাজস্ব ও তহবিল সংক্রান্ত বিভিন্ন তথ্য কর্মকর্তাদের কাছে জানতে চান। এ সময় কর্মকর্তারা সঠিক তথ্য না দিতে পারায় বিস্ময় প্রকাশ করেন তিনি। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ বিষয়ক কাগজপত্র জমা দিতে বলেন। এছাড়া সিটি করপোরেশনের সব কাজে কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তাপস।
বৈঠকে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি