দেশে ২৩৮২ জন পুলিশের করোনা শনাক্ত, মৃত্যু ৮

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সামনে থেকে লড়ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। তাই দেশের পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে আছে।

দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৪১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, এ নিয়ে করোনাভাইরাস শনাক্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৮২ জন। এছাড়া করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ পুলিশ সদস্যের। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬১ জন পুলিশ সদস্য।

আক্রান্তদের মধ্যে ডিএমপিতে আক্রান্ত সর্বোচ্চ এক হাজার ৪১ জন। পুলিশ বাহিনীতে আক্রান্তদের মধ্যে প্রায় সবাই মাঠ পর্যায়ের। এছাড়া অতিরিক্ত উপ কমিশনার পদমর্যাদার দুইজন এবং সহকারী কমিশনার বা এসি পদমর্যাদার একজন আক্রান্ত হয়েছেন।

এদিকে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি আরো মারাত্মক হয়ে ওঠায় সরকার সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে। ধীরে ধীরে কিছু খাত পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর