কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সাথে বন্দুকযুদ্ধে আরও এক রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাকের (২২)। ঘটনাস্থল থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ মে) ভোরে উপজেলার মোচনী লবণ মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ইয়াবা ব্যবসায়ী সাকের বালুখালী নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের খাইরুল আমিনের পুত্র।
এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারি নাফনদী পার হয়ে ইয়াবার একটা বড় চালান মোচনী লবণ মাঠ দিয়ে বাংলাদেশে ঢুকবে। তার জন্য বিজিবির একটি দল মোচনী ও নয়াপাড়া লবণের মাঠে অবস্থান নেয়।
কিছুক্ষণ পরে এইদিক দিয়েই বস্তা নিয়ে কয়েকজন লোক আসতে দেখলে তাদের তল্লাশির করার জন্য আটকানো হলে সাথে সাথে তারা এলোপাতারি গুলি বর্ষণ শুরু করে। তৎক্ষণাৎ বিজিবির দুই সদস্য তাদের গুলিতে আহত হয়। পরে আত্মরক্ষার জন্য বিজিবি সদস্যরাও গুলি ছুঁড়েন।
তুমুল গোললাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি ধারালো কিরিচ, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মৃত ব্যক্তি রোহিঙ্গা ইয়াবাকারবারি বলে শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত বিজিবি সদস্যদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/নিমফুল