ফেনীতে নতুন করে আরও ১০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দুই দফায় একদিনে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন।
শনিবার (১৬ মে) রাতে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরের তিনজন, দাগনভূঞয়ার একজন, সোনাগাজীর চারজন ও ফুলগাজীর দুইজন রয়েছেন।
ডা. শরফুদ্দিন মাহমুদ আরও বলেন, শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দফায় ২১ জনের ও পরে আরও ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুইজন ও চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল থেকে ২৩ জনের প্রতিবেদন আসলেও তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায় নি।
ফেনী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় শনিবার পর্যন্ত ৯৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭৮৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।
বার্তাবাজার/এমকে