মাগুরায় অসহায় ভিক্ষুকদের ঈদ উপহার দিলেন সাকিব

করোনার মহামারি প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশি ক্রিকেটাররা খেলার পাশাপাশি মনের দিক দিয়েও সেরা। প্রাণঘাতী রোগটির প্রাদুর্ভাবের শুরু থেকেই তাঁদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে দরিদ্র-অসহায় পরিবারগুলোর পাশে।

সঞ্চিত অর্থ, এমনকি স্মৃতিবিজরিত স্মারকগুলো নিলামে বিক্রি করে সেই টাকা তাঁরা ব্যয় করছেন পরিস্থিতির শিকার মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘব করতে। সেই লক্ষ্যে গতকাল শনিবার আবারো মাগুরার অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ‘দ্য সাকিব আল হাসান’ ফাউন্ডেশনকে।

সাকিবের নিজ বাসভবন প্রাঙ্গনে এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক অসচ্ছল, গরীব এবং প্রতিবন্ধী ভিক্ষুককে ঈদ উপহার দেওয়া হয়েছে।

এবারের ত্রাণ বিতরণ কর্মসূচী চলাকালীন সময়ে সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা জানিয়েছেন, এই কার্যক্রমে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১টি সাবানের সঙ্গে নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় তিনি বলেন, ‘করোনা-সংকটে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে অসচ্ছল ও গরীব মানুষ ও অসচ্ছল খেলোয়াড়দের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। ঈদের আগে আজ শতাধিক অভাবী মানুষকে আসলে ঈদ উপহার দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও এই সহায়তা অব্যাহত থাকবে। করোনা সংকটে অসহায় মানুষের পাশে থাকবে সাকিব আল হাসান ফাউন্ডেশন।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর