বিপদে ফ্রান্স প্রবাসীরা

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফ্রান্সে হাজারো প্রবাসী তাদের কাজ হারিয়েছিলেন। তবে এখন ফ্রান্স আগের অবস্থায় ফিরতে শুরু করলেও বেশিরভাগ প্রবাসী তাদের কাজ ফিরে পাননি। ফলে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।

ফ্রান্সে ইতিমধ্যে লকডাউন তুলে নেয়ার পাঁচ দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে কিছু কিছু সেক্টর খুলে দেওয়া হয়েছে। তবে বন্ধ রয়েছে বেশিরভাগ কর্মস্থল। বিশেষত রেস্টুরেন্ট সেক্টর পুরোপুরিই বন্ধ।

২ জুন থেকে সবুজ জোনে থাকা অঞ্চলের রেস্টুরেন্ট খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কিন্তু যে প্যারিসে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশির কর্মস্থল সেই প্যারিস রয়েছে রেড জোনে এবং রেড জোনে থাকা অঞ্চলের রেস্টুরেন্ট কবে খুলবে, তা এখনও অনিশ্চিত।

একাধিক প্রবাসী বাংলাদেশি জানান, বর্তমান সময়টা তাদের জন্য বড়ই কঠিন। ইউরোপে কর্মহীন জীবন খুব কঠিন উল্লেখ করে তারা বলেন- এখানে আছি আমরা বিপদে, একই কারণে দেশে পরিবার পরিজন আছেন সংকটে।

ফ্রান্সে বাংলাদেশিদের নিয়ে কাজ করে ‘ফ্রান্স বাংলাদেশি কমিউনিটি’। সংস্থাটির চেয়ারম্যান ফারুক নেওয়াজ খান বলেন, সংকটকালীন যেসব প্রবাসী বাংলাদেশি কাজ হারিয়েছিলেন তারা কাজের সন্ধানে নেমেছেন। তবে এ সময়ে নতুন করে কাজ খুঁজে বের করা বেশ কঠিন। বিশেষ করে রেস্টুরেন্ট সেক্টর এখনও বন্ধ থাকায় কাজ মিলছে না অনেক বাংলাদেশির।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর