দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছুঁই ছুঁই। সময়ের সাথে সাথে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একদিনে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩জন পৌর সদরের টিকরবাড়ি এবং একজন সুন্দিশাইল গ্রামের।
টিকবাড়ির আক্রান্ত ১৩জনের মধ্যে ৯ জন মহিলা, ৩জন পুরুষ ও ১টি শিশু(৬) রয়েছে। অপরদিকে পৌরসভার সুন্দিশাইল এলাকায় আক্রান্ত ব্যক্তি ৩০ বছরের যুবক। টিকবাড়ির আক্রান্ত সবাই পূর্ব আক্রান্ত বাড়ির বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ মে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। জানা যায়, গোলাপগঞ্জের ইতিমধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা থেকে টিকবাড়ির ১৩ জনের করোনা পজেটিভ আসে। তবে সুন্দিশাইলের যুবক কিভাবে আক্রান্ত হলেন সে ব্যাপারে এখনো কিছু বলতে পারছেন না সংশ্লিস্টরা।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিস্বর চৌধুরী বলেন, টিকবাড়ির আক্রান্তদের বাড়ি আগেই লকডাউন করা হয়েছে। সকালে তাদের বাড়িতে গিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
যদি কেউ বেশি অসুস্থ হোন তবে তাকে সামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হবে। তবে সুন্দিশাইলের যুবকের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তারা যোগাযোগের চেষ্টা করছেন। এদিকে এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।
কেএ/বার্তাবাজার