দীর্ঘ ২৫ বছর পালিয়ে থাকার পর ফ্রান্সে আটক হয়েছে রুয়ান্ডার গণহত্যায় সন্দেহভাজন ফেলিসিয়েন কাবুগা। ৮৪ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে প্রায় আট লাখ মানুষকে হত্যায় সশস্ত্র গোষ্ঠীকে অর্থ দেয়ার অভিযোগ রয়েছে।
শনিবার ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন। আফ্রিকার দেশ রুয়ান্ডার মোস্ট ওয়ান্টেড এই ব্যক্তির মাথার মূল্য ৫০ লাখ ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
শনিবার এক বিবৃতিতে ফ্রান্সের বিচার বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ৩০ মিনিটে কাবুগাকে আটক করা হয়। নিজের পরিচয় লুকিয়ে প্যারিসের একটি আবাসিক ফ্লাটে বসবাস করছিলেন এই ব্যক্তি।
হুতু ব্যবসায়ী ফেলিসিয়েন কাবুগার বিরুদ্ধে ১৯৯৪ সালে একশো দিনের মধ্যে আট লাখ তুতসিসকে হত্যায় সশস্ত্র গোষ্ঠীকে অর্থ দেয়ার অভিযোগ রয়েছে। জাতিসংঘের গঠিত একটি আদালত কাবুগাকে ১৯৯৭ সালে ৭ ধরণের অভিযোগে অভিযুক্ত করে। তবে তার আগেই সেই দেশ ছেড়ে পালিয়ে যায় কাবুগা।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, রুয়ান্ডা গণহত্যার অর্থদাতা হিসেবে পরিচিত ফেলিসিয়েন কাবুগা ১৯৯৪ সাল থেকে জার্মানি, বেলজিয়াম, কঙ্গো-কিনশাসা, কেনিয়া কিংবা সুইজারল্যান্ডে পালিয়ে বেড়িয়েছেন। বিচার এড়িয়ে চলতেই এ কাজ করেছে সে। প্রথমে তাকে প্যারিসের আপিল আদালতে তোলা হবে। পরবর্তীতে তাকে দ্য হেগের আন্তর্জাতিক আদালতের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র- আল জাজিরা
বার্তাবাজার/কে.জে.পি