চট্টগ্রামে যাকাতের টাকা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

চট্টগ্রামে যাকাতের টাকা নিয়ে মারামারির জেরে গুলিতে মো. নাছের (৪০) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের বাবাসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের খলিল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. নাছের (৪০) চরণদ্বীপ ইউনিয়নের খলিল তালুকদার বাড়ির আলী মদনের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে শওকত ও জসিম নামের দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে পিস্তল, গুলি, ছুরি, কিরিচসহ বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই এলাকায় যাকাতের টাকা বিতরণ করছিলেন স্থানীয় এক ধণাঢ্য ব্যক্তি। নিহত নাছেরের ছোট ভাই লোকমান ও গ্রেফতার জসিম জাকাতদাতার সঙ্গে ছিলেন। এসময় তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হলে লোকমান জসিমকে ঘুষি মারেন। তখন জসিমের বড় ভাই শওকত এবং লোকমানের বাবা-ভাইয়েরা ঘটনাস্থলে আসেন। পরে আবারও মারামারি শুরু হয়। এসময় শওকতের গুলিতে নাছের ও তার বাবা আলী মদন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাছেরকে মৃত বলে ঘোষণা করেন। তার বাবা চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জানান, শুক্রবার রাত ১ টা ৪০ মিনিটে বাবা ও ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। ছেলেকে ডাক্তার মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, নাছের ও শওকতরা প্রতিবেশি, তাদের আধিপত্যের দ্বন্দ্ব পুরনো। শুক্রবার রাতে যাকাত বিতরণের সময় তাদের মধ্যে ঝগড়া হয় এবং পরে গোলাগুলি হলে এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর