ঠাকুরগাঁওয়ে হাসপাতালের নার্সসহ ৬ জনের করোনা শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

শনিবার (১৬ মে) রাত ৮ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার হতে আসা রিপোর্টে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এছাড়া একইদিন সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হতে আসা রিপোর্টে কোন করোনা পজিটিভ পাওয়া যায়নি।

আক্রান্তদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ। আক্রান্তরা হলেন- সদর উপজেলাধীন পৌরসভার পূর্ব হাজীপাড়ার বাসিন্দা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কর্মরত ৩৯ বছর বয়সী এক নার্স, ঢাকা ফেরত বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ২১ বছর বয়সী এক যুবতী, রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত স্বামীর ৩৩ বছর বয়সী স্ত্রী; হরিপুর উপজেলার জীবনপুর এলাকার ২৭ বছর বয়সী এক যুবক, খামার কামারপুকুর এলাকার ৩৫ বছর বয়সী এক নারী ও ৪০ বছর বয়সী এক পুরুষ।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ জন, হরিপুর উপজেলায় ১৪ জন, রাণীশংকৈল উপজেলায় ৪ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৬ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর