করোনা জয় করে সুস্থ হলেন এমপি শহীদুজ্জামান

দেশের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য (নওগাঁ-২) শহীদুজ্জামান সরকার প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। গত শুক্রবার দ্বিতীয় টেস্টে তার করোনা ‘নেগেটিভ’ এসেছে। সাংসদ শহীদুজ্জামানের পারিবারিক সূত্রে শনিবার সকালে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে ১ মে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকায় তার জন্য বরাদ্দ ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি।

এমপি শহীদুজ্জামান সরকারের ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ ফেসবুক অ্যাকাউন্টে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তিনি লিখেন, পরপর দ্বিতীয় টেস্টে সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তার ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টিন) অবস্থায় থাকতে হবে।

এদিকে, সাংসদ শহীদুজ্জামান ও তার পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাংসদ শহীদুজ্জামানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের কারো শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সাতদিন পর আর একটি রিপোর্ট করতে হবে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তাছাড়া তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তিনি আরও বলেন, নেগেটিভ রিপোর্ট আসার দুই উপজেলার হাজারো নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-র্কমচারী এবং সুধীমহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর